“সমকামীরা কি মানুষ নয়? আমাদের কি বাঁচার অধিকার নেই? রাষ্ট্রে সকল লিঙ্গের মানুষের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে।”
একটু পেছনে ফেরা যাক। সময়টা ২০২২; বাংলাদেশের রাজধানী ঢাকার টিএসসিতে দাঁড়িয়ে উপরের কথাগুলো একজন সমকামী যুবক অসীম সাহসের সঙ্গে নিজস্ব পোশাকে রাষ্ট্র এবং এর বিশাল ধর্মান্ধ জনগোষ্ঠীর উদ্দেশ্যে বলছিলেন। তিনি বলছিলেন, এই দেশে সকল লিঙ্গের মানুষ নিজেদের পূর্ণ অধিকার নিয়ে নিরাপত্তার সঙ্গে বসবাস করবে। কেউ যেন তাঁর যৌনতা, পোশাক ও স্বাধীনতায় বাধাগ্রস্ত না হয়।
’৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীনতা অর্জন করলেও, দেশের মৌলবাদী, ধর্মান্ধ ও উগ্রবাদী গোষ্ঠীর কাছে ভিন্ন মত ও ভিন্ন দর্শনের মানুষ আজও পরাধীন। এ গোষ্ঠীর কার্যক্রমের জন্যই ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচকতা ছড়ায়। এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষ প্রতিটি মানুষই এমন ক্ষেত্রে বুলিংয়ের শিকার হচ্ছেন একটি সংঘবদ্ধ অংশের কাছ থেকে। তাঁদের লিঙ্গপরিচয় নিয়ে কটাক্ষ করা হচ্ছে। পারিবারিকভাবেও এ জনগোষ্ঠীর মানুষ বিতাড়িত হচ্ছে।
মানুষের ভালোবাসার কোনো সীমারেখা হয় না।
বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্টের পর ধর্মীয় মৌলবাদী সংগঠন জামায়াতে ইসলামীর আমির শফিকুল ইসলামের একটি যৌনতা-সংক্রান্ত বিষয় মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ব্যাপক সমালোচনার ঝড় তোলে। তিনি বিভিন্ন ইফতার মাহফিলে নাবালক ছেলেদের ঠোঁটে চুম্বন করছেন—এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছিল। যেখানে সাইবার বুলিং এর মাধ্যমে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছিলো জামায়াতে ইসলামির আমিরের পুরুষের প্রতি আকর্ষণ আছে। তর্কের খাতিরে ধরে নিলাম, আছে। যদি থেকেও থাকে এতে দোষের কি? নাবালকের প্রতি যৌন আকর্ষণ ও যৌনাচার আইনত দন্ডনীয় অপরাধ। কিন্তু সমলিঙ্গের প্রাপ্তবয়স্ক কারো প্রতি সম্পর্ক এবং আকর্ষণ কোনভাবেই দন্ডনীয় অপরাধ হতে পারে না।
বাংলাদেশের আইনও নাগরিকের মৌলিক অধিকার হরণ করছে, শুধুমাত্র ধর্মান্ধ একটি নির্দিষ্ট গোষ্ঠীর চাপে। বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৭৭ ধারা অনুযায়ী সর্বোচ্চ ১০ বছর অথবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। এমন আইন রাষ্ট্রের অবশ্যই বাতিল করে দেশের প্রতিটি লিঙ্গ ও ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা উচিত।